আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন, বিতর্কে জাহ্নবী কাপুরের অবস্থান কী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
রাম চরণ অভিনীত ‘পেডি’ সিনেমা মুক্তির পর থেকেই নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে। বক্স অফিসে ভালো সাফল্য পেলেও সিনেমাটিতে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
দর্শকদের একাংশের অভিযোগ, ছবিতে চরিত্রের গভীরতার চেয়ে অভিনেত্রীর শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকায় সিনেমার পরিচালক সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জানান, নারীদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।
তবে বিতর্ক আরও তীব্র হয় একটি কথিত ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর। সেখানে দাবি করা হয়, জাহ্নবী কাপুর নিজেও সিনেমায় তার চিত্রায়ন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন এবং একাধিকবার অনুরোধ করেছিলেন যাতে তার শারীরিক উপস্থাপনকে অতিরিক্তভাবে তুলে ধরা না হয়।
ওই কথিত কথোপকথনে আরও দাবি করা হয়, অভিনেতা রাম চরণও বিষয়টিতে তাকে সমর্থন করেছিলেন। ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল চ্যাট অনুযায়ী জাহ্নবী চরিত্রের তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এদিকে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী কিয়ারা আদভানির নামও। দাবি করা হচ্ছে, এর আগে ‘গেম চেঞ্জার’ সিনেমাতেও তার কিছু দৃশ্য নিয়ে একই ধরনের বিতর্ক হয়েছিল এবং সেগুলো বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত চ্যাটে আরও দাবি করা হয়, জাহ্নবী নাকি বলেছেন, ভবিষ্যতে দক্ষিণী সিনেমায় কাজ করার বিষয়ে তিনি নতুন করে ভাবছেন। পাশাপাশি তিনি আক্ষেপ করে বলেছেন, শুটিং সেটে তার মা শ্রীদেবী থাকলে এমন পরিস্থিতি হতো না।
এক ভক্তের প্রশ্নের জবাবে নাকি তিনি মন্তব্য করেন, সেটে যদি মা থাকেন, তাহলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। তাই শ্রীলীলার মা সবসময় ওর সঙ্গে থাকেন।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কথিত চ্যাটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ ছাড়া জাহ্নবী কাপুর বা তার টিমের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :