ডেঙ্গু জ্বরে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।
২৭ নভেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।
এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।
স্বাস্থ্য অধিদফতর তথ্য মতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
আপনার মতামত লিখুন :