আন্তর্জাতিক ডেস্ক :
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এ সময়ের মধ্যে মোট প্রাণহানি ১,৫০০ ছাড়িয়েছে।
শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১ জন শিশু রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।
সর্বশেষ হামলায় গাজার তুফ্ফাহ এলাকায় দুইজন নিহত ও দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরায় আরও দুইজন নিহত হন। খান ইউনুসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন।
এছাড়া, ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী নাগরিকদের তাবুতে হামলা চালানো হয়। যার ফলে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।
দেইর আল-বালাহর আল-আহলি হাসপাতালে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খোদারি জানান, হামলায় আহত এক নবজাতক ‘শাম’-এর হাত কেটে ফেলতে হয় এবং পরবর্তীতে সে মারা যায়। একই দিন সকালে মোট ছয়জন নিহত হয়।
তিনি জানান, শনিবার শুজাইয়া ও খান ইউনুস এলাকায় নতুন করে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী।
চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে নারী ও শিশুদের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে বলে জানান তিনি।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলের ২২৪টি নথিভুক্ত হামলার মধ্যে ৩৬টিতে শুধুই নারী ও শিশু নিহত হয়েছেন।
সুত্র : আল জাজিরা
আপনার মতামত লিখুন :