পদ্মা নদীতে টহলকালে সশস্ত্র হামলা, ঈশ্বরদীতে ৫ পুলিশ সদস্য আহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: রেজাউল করিম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জ (ওসি)সহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।


মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে নিয়মিত টহল ডিউটির সময় এই হামলা হয়।

পুলিশ সূত্র জানায়, লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি টহল দল নদীপথে দায়িত্ব পালনকালে কুষ্টিয়া অংশে পৌঁছায়। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে নৌ পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন—ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে।

উল্লেখ্য, ঈশ্বরদী অঞ্চলের পদ্মা নদী এলাকায় নৌপথে অপরাধ দমনে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এ ঘটনার পর নৌ নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ