নিষিদ্ধ লীগের মিছিল, ওসির পর গুলশানের ডিসিকে সরিয়ে দিল ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় এর আগে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়। আদেশে তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
এর আগে একই দিন গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। তার প্রত্যাহার আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এ ধরনের কর্মকাণ্ড করতে পারে, পুলিশ হয়তো তা আন্দাজ করতে পারেনি।
গুলশানের ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সকাল ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিছিলের ঘটনায় গুলশান বিভাগের ডিসি ও থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে গুলশান এলাকার নিরাপত্তা ও পুলিশের দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আপনার মতামত লিখুন :