নতুন বিজ্ঞাপনে সিডনি সুইনি, বিজ্ঞাপন নিয়ে সামাজিক মাধ্যমে ঝড়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের নতুন প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনটিতে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। তবে শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল ও হকি স্টিকসহ খেলাধুলার সরঞ্জাম দিয়ে আড়াল করে উপস্থাপন করা হয়েছে তাকে।

বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন উপস্থাপনার মাধ্যমে নারীদেহকে পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে কি না। কেউ কেউ বিজ্ঞাপনটিকে অরুচিকর ও হতাশাজনক বলেও মন্তব্য করেছেন।

এক সমালোচকের ভাষ্য, এ ধরনের উপস্থাপনার কারণেই খেলাধুলার জগতে নারীরা যথাযথ গুরুত্ব থেকে বঞ্চিত হন। তবে সমালোচনার পাশাপাশি সিডনির পক্ষেও অবস্থান নিয়েছেন তার অনেক ভক্ত।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক বাজি প্রতিষ্ঠানের নতুন এই বিজ্ঞাপনে দেখা যায় সিডনিকে। প্রচারণাটির মূল বার্তা হলো, রাজনীতি, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা গসিপ নয়, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু শুধুই খেলাধুলা। সেই ভাবনাকে সামনে রেখেই ব্যতিক্রমী এই প্রচারণার কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই প্রচারণায় শুধু অভিনয়শিল্পী হিসেবেই যুক্ত হননি সিডনি সুইনি। নোভিগের একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন তিনি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা অভিনেত্রীকে অস্বস্তিতে ফেলেছিল। তাদের প্রতিষ্ঠান শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। এ কারণেই সিডনি তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি সিডনি। বরং গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিজ্ঞাপনের ছবির পাশাপাশি বিশ্বের কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের ছবিও শেয়ার করেছেন তিনি।

এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে এমন উপস্থাপনা একেবারে নতুন নয়। তবে তিনি সরাসরি সমালোচনার জবাব দিয়েছেন কি না, তা নিশ্চিত নয়। তার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সিডনির ভক্তদের অনেকেই অবশ্য মনে করছেন, জনপ্রিয় খেলোয়াড়দের ছবি শেয়ার করে চলমান বিতর্কের পরোক্ষ জবাব দিয়েছেন অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

এর আগেও একটি পোশাকের প্রচারণায় অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিডনি সুইনি। নতুন এই বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ফলে ফের আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই হলিউড অভিনেত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ