হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩১৫
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, একই সময়সীমায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং শিশুদের টিকাদান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :