পলির সংকট কাটিয়ে কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম পুনরায় শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আব্দুল মুবিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্যাকেজিং পলির সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা স্কুল ফিডিং কার্যক্রম আবারও শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত পলির সরবরাহ স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (১৯ মে) থেকে খাবার বিতরণ পুনরায় চালু করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিএসটিআই অনুমোদিত বিশেষ প্যাকেজিং পলি না পাওয়ার কারণে কয়েকদিন ধরে সরবরাহকারী প্রতিষ্ঠান খাবার বিতরণ বন্ধ রাখতে বাধ্য হয়। বর্তমানে পলি সংকট কাটিয়ে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. শফিকুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদনে জানান, নির্ধারিত মান বজায় রেখে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে হঠাৎ করে বিএসটিআই অনুমোদিত পলির চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছিল। বর্তমানে সেই সমস্যা সমাধান হওয়ায় পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে।

স্থানীয় প্রতিনিধি ফারহান চৌধুরী জানান, ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের পক্ষ থেকে কুলাউড়ায় খাবার সরবরাহ করা হচ্ছে। প্যাকেজিং পলির সংকটের কারণে কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিকভাবে চলছে।

কুলাউড়া পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী নিয়মিত খাবার পাচ্ছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। তিনি সরকারের এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আহমদ জানান, কুলাউড়ার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চলছে। পলি সংকটের কারণে সাময়িক বন্ধ থাকার পর এখন সব স্কুলে আবারও খাবার বিতরণ শুরু হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ