নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ চালু করল ইলন মাস্কের এক্স
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তি :
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নতুন স্বতন্ত্র মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। শুক্রবার থেকে প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়।
নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধা পাবেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্যবহারের পর ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে অ্যাপটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সচ্যাট মূলত এক্স-এর বড় কৌশলগত পরিকল্পনার অংশ। ইলন মাস্ক আগে প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেও আলাদা মেসেজিং অ্যাপ চালুর মাধ্যমে সেই পরিকল্পনায় নতুন দিক যুক্ত হয়েছে। এখন সামাজিক যোগাযোগের পাশাপাশি মেসেজিং ও অন্যান্য সেবা পৃথক অ্যাপ আকারেও সম্প্রসারণের দিকে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নিরাপত্তা ও গোপনীয়তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক্সচ্যাটে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, বার্তা এডিট ও ডিলিট করার সুবিধা রয়েছে। পাশাপাশি স্ক্রিনশট ব্লক এবং নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারও যুক্ত করা হয়েছে। এক্স দাবি করেছে, অ্যাপটি বিজ্ঞাপনমুক্ত এবং এতে কোনো ট্র্যাকিং ব্যবস্থা নেই।
তবে নিরাপত্তা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কিছু সংশয়ও রয়েছে। অনেকের মতে, নতুন এই অ্যাপ এখনো জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে পুরোপুরি প্রতিযোগিতায় আসতে সময় নিতে পারে।
এদিকে ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম সমস্যার কারণে এক্স তাদের ‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করে দিয়েছে। ব্যবহারকারীদের এক্সচ্যাটে স্থানান্তরের সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবল শুরু। ভবিষ্যতে অ্যাপটিতে আরও উন্নত ও আধুনিক ফিচার যুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :