জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ ২০ বছর পর তাঁর এ যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফর করবেন না। তাঁর সফরসূচি ও অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। অধিবেশনের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু ঠিক থাকলে তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে প্রায় ৪০ বছর পর একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতি হিসেবে একজন বাংলাদেশির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি সফল করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা অনলাইনে যৌথ প্রস্তুতি সভা করেছেন।
এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২১ থেকে ২৬ জুন তাঁর প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া ও চীন। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।
এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশে সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :