স্বামীর গোপন দ্বিতীয় বিয়ের খবর, আবেগঘন চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনা সদর উপজেলার লেমুয়া এলাকায় স্বামীর গোপন দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে কণা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেন।

নিহত কণা বরগুনা সদর উপজেলার সোনার বাংলা গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। প্রায় ১১ বছর আগে লেমুয়া গ্রামের মৃত আজীজ সিকদারের ছেলে মো. সাইফুল ইসলাম কিসলুর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে রয়েছে ১০ বছর বয়সী এক পুত্রসন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর দীর্ঘদিন তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি স্বামী সাইফুল ইসলাম কিসলু গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানতে পারেন কণা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব ও পারিবারিক কলহ শুরু হয়। ঘটনার সময় সাইফুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন।

শনিবার (১৩ জুন) সকালে ঘরের ভেতরে কণার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত্যুর আগে স্বামীকে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি লিখে গেছেন কণা। চিঠিতে তিনি লেখেন, একটি মেয়ে শান্তির আশায় মা-বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসে। স্বামীর সঙ্গে ঢাকায় সংসার করার স্বপ্ন থাকলেও তা আর পূরণ হয়নি। স্বামীর কাছ থেকে অনেক কিছু গোপন রাখা হয়েছে জেনে তিনি ভেঙে পড়েন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে তিনি স্বামীর দ্বিতীয় সংসারের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, একটি মেয়ে সবকিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। নিজের সন্তান ইয়ামিনের প্রতি যেন বাবার ভালোবাসা কমে না যায়, সে অনুরোধও করেন তিনি। শেষ কথায় স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিজেকে “ভালোবাসার কাঙ্গাল” বলে উল্লেখ করেন কণা।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ