ঈদের টানা ছুটিতেও কোরবানির হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বছর ঘুরে আবার ঘরে ফিরছে পবিত্র ঈদুল আজহা। উৎসবকে সামনে রেখে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে চালু থাকবে ব্যাংকিং সেবা।
কোরবানির পশুর হাটে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্ধারিত হাট এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৪ মে) সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে এবং নগদ অর্থের লেনদেন হয়। এ কারণে নিরাপদ ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
চিঠিতে আরও বলা হয়, হাটের কাছাকাছি ব্যাংক শাখা বা হাটে স্থাপিত অস্থায়ী বুথের মাধ্যমে পশু কেনাবেচার অর্থ লেনদেন সহজ করতে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা নিশ্চিত করতে হবে।
এ নির্দেশনার আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক হাটের পাশাপাশি চট্টগ্রামের বিবির হাট ও সাগরিকা, খুলনার জোড়া হাট, রাজশাহীর সিটি হাট এবং রংপুরের লালবাগ সদর হাটে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
ঈদের ছুটির মধ্যেও এই ব্যবস্থায় পশুর হাটে কেনাবেচা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আপনার মতামত লিখুন :