নারীকেন্দ্রিক তেলেগু সিনেমায় নতুন দিগন্ত, সামান্থার ছবির ১০০ কোটি আয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি পেয়েছে।

এই অর্জনের মুহূর্তটিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিসের হিসাব দেখাচ্ছেন। সেখানে ১০০ কোটি রুপি আয়ের তথ্য দেখে উচ্ছ্বসিত হয়ে সামান্থা বলেন, “আমরা ১০০ কোটি করেছি।”

ভিডিওর ক্যাপশনে সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে অনেকেই এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে আগ্রহী হন না।

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর এই সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রযোজক, প্রদর্শক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি গত ১৯ জুন মুক্তি পায়।

আউটলুক ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী, মুক্তির পর থেকে সিনেমাটি নিজের বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে। পাশাপাশি এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্রের কৃতিত্বও অর্জন করেছে।

‘মা ইনতি বাঙ্গারাম’-এ সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’খ্যাত নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সিনেমাটির সাফল্য উদযাপনের সময় এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় থাকার সুখবরও জানিয়েছেন। ফলে ব্যক্তিগত ও পেশাগত, দুই ক্ষেত্রেই দারুণ সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ