বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর। বর্তমানে ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩৪ হাজার ৭২৩ জন মানুষ।
রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের ৪০৮টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কক্সবাজার। সেখানে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। চট্টগ্রাম জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন।
এদিকে, রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়, খাদ্য ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :