চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া মানুষের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ বর্তমানে জলমগ্ন, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন-এর প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে কিছুটা সময় লাগবে, তবে সরকার দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। এই দুর্ভোগের জন্য তিনি চট্টগ্রামবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
সংসদে প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা দূর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :