টানা দুই হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স বরখাস্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে মূল পর্বে ওঠার পথ কঠিন হয়ে যাওয়ার পরই ইংলিশ এই কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেরার্ড জোন্সকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।’

জোন্সের পরিবর্তে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

উজবেকিস্তানে চলমান বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছেও পরাজিত হয় দলটি। ফলে গ্রুপ পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার সমীকরণ এখন বেশ কঠিন।

এর মধ্যেই জেরার্ড জোন্সকে নিয়ে বাফুফের অসন্তোষও প্রকাশ্যে আসে। কোচের বিভিন্ন আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার নেতিবাচক মন্তব্য নিয়ে ফেডারেশন আগে থেকেই বিরক্ত ছিল বলে জানা গেছে। পাশাপাশি সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে জোন্সের সম্পর্কেও টানাপোড়েন ছিল।

সব মিলিয়ে বাছাইপর্ব শেষ হওয়ার পর জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের সম্ভাবনা ছিলই। তবে উজবেকিস্তানে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর আর অপেক্ষা করেনি বাফুফে। তাসখন্দেই জেরার্ড জোন্সের বাংলাদেশ অধ্যায়ের ইতি টানল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এখন জেরার্ড জোন্সের জায়গায় আতিকুর রহমান মিশুর নেতৃত্বেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ