সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায়র সাংবাদিক আহত, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাভার সংবাদদাতা :
সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দেশ টিভির দুই সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে সাভার উপজেলার আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আহতরা হলেন দেশ টিভি-এর রিপোর্টার তাইফুর রহমান ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাভার পৌরসভার শাহীবাগ, আইচা নোয়াদ্দা, রাজাশনসহ আশপাশের এলাকায় মাদকের দৌরাত্ম্য রয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করতে দুপুরে আইচা নোয়াদ্দা এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে হামলার শিকার হন ওই দুই সাংবাদিক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাদক ব্যবসায়ীরা প্রধান সড়ক থেকে তাদের জিম্মি করে তুলে নিয়ে একটি গ্যারেজে আটকে রাখে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এ সময় সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয় এবং ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে সাভার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি রিকশা গ্যারেজ থেকে গুরুতর আহত অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধার করে। অভিযানে চারজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আহত দুই সাংবাদিককে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
আপনার মতামত লিখুন :