রামিসার ঘটনায় আইনের শাসনের কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়ারও একটি নির্দিষ্ট নিয়ম ও কাঠামো রয়েছে। সরকার সেই নিয়মের মধ্য দিয়েই বিচার কার্যক্রম পরিচালনা করবে। তবে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু সংখ্যক মানুষ রাস্তা বন্ধ করছে, যান চলাচল ব্যাহত করছে, আগুন লাগাচ্ছে এবং অকারণে উত্তেজনা ছড়াচ্ছে। এসব কর্মকাণ্ড আসলে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে।

অন্তর্বর্তী সরকারের সময়কালের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওই সময়ে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটলেও বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল। অথচ যারা এখন হইচই করছে, তখন তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এখন দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা সাধারণ মানুষের কথা ভাবে না, শিশুদের নিরাপত্তা বা ভবিষ্যতের কথাও চিন্তা করে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, খোঁজ নিলে দেখা যাবে তারা সেই বিতাড়িতদের সঙ্গেই আবার গোপনে যোগাযোগ শুরু করেছে। অতীতে যেভাবে ছিয়ানব্বই ও ছিয়াশি সালে হয়েছিল, এবারও তেমনই চিত্র দেখা যাচ্ছে। তবে এবার তাদের সঙ্গে নতুন কিছু সহযোগীও যুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ