সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্য ও চীনা বিশেষজ্ঞ দল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে। ৩ ডিসেম্বর বুধবার দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছানোর পরই চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরে তারা স্থানীয় মেডিক্যাল টিমের সাথে চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে।

সূত্রের তথ্য অনুযায়ী, করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, বিদেশি বিশেষজ্ঞ টিম দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবে। তারা স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং বর্তমান চিকিৎসা অগ্রগতির মূল্যায়ন করবেন।

প্রথম দিনের কাজের অংশ হিসেবে বিশেষজ্ঞ দলটি খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সর্বশেষ টেস্ট রিপোর্ট এবং ব্যবহৃত সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছে। এরপর স্থানীয় চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসা চীনের বিশেষজ্ঞ একটি চিকিৎসকদল এভারকেয়ার হাসপাতালে গেছেন। দলটিতে মোট চারজন চিকিৎসক রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার পর তারা হাসপাতালটিতে প্রবেশ করে। চীনা চিকিৎসক দলটি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

উল্লেখ্য, গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ