পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পরিবর্তন, জারি হলো ২১ কর্মকর্তার বদলি প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজি) ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়নের তালিকায় অতিরিক্ত আইজি, উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
এর মধ্যে ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে বাংলাদেশ পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :