বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “সবার জন্য স্বাস্থ্যসেবা” নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে। শহর ও গ্রামে মানসম্পন্ন চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
প্রধানমন্ত্রী জানান, দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার ৮০ শতাংশ হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা, স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার করা, স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ—এগুলো সরকারের পরিকল্পনার অংশ।
তিনি আরও বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশের সুস্থতা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তি ব্যবহার জরুরি। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML)-এর মতো প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তিনি সবাইকে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব।
আপনার মতামত লিখুন :