ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ঢাকাসহ সারাদেশে ৬ বিভাগে ১১ অক্টোবর শনিবার বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১২ অক্টোবর রবিবার থেকে ক্রমেই সারাদেশে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ ও ১৬ অক্টোবর দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাও বিদায় নেয়ার সম্ভাবনা আছে। তখন দেশের বেশির ভাগ অঞ্চলই বৃষ্টিহীন হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ১০ অক্টোবর শুক্রবার রাতে জানিয়েছেন ১১ অক্টোবর শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। তবে রবিবার থেকে দেশে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। তখন মূলত চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া সিলেট ও ঢাকা বিভাগের দু-একটি অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। আগামী ১৪ বা ১৫ অক্টোবর দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে। এতে বৃষ্টি আরো কমার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে রবিবার থেকেই সারা দেশে বৃষ্টি ক্রমান্বয়ে কমার সম্ভাবনা আছে।

অন্যদিকে ১০ অক্টোবর শুক্রবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগে বৃষ্টি কিছুটা বেশি ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ৪২ মিলিমিটার।

এছাড়া নারায়ণগঞ্জে ২৯ মিলিমিটার ও মাদারীপুরে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ