বাংলাদেশ-অস্ট্রেলিয়া সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারদের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক-এর নেতৃত্বাধীন একটি সংসদীয় প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১-এর সময় অস্ট্রেলিয়া সরকার তৎকালীন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের একটি শক্ত ভিত্তি তৈরি করেছিল।
তিনি আরও বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারের মাধ্যমে শুধু রাষ্ট্রীয় পর্যায়েই নয়, বরং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়াও বৃদ্ধি পাবে।
স্পিকার বলেন, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছে এবং একটি প্রাণবন্ত সংসদ গড়ে তোলার লক্ষ্যে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
এ সময় অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বলেন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া-এর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সংসদীয় গণতন্ত্রে নারীর ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, স্পিকারের আমন্ত্রণে মিল্টন ডিক ও তার প্রতিনিধিদল জাতীয় সংসদের চলমান অধিবেশন ও কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যান্য সংসদ সদস্য এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :