প্রজনন মৌসুমে সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, বনজীবীদের জীবিকা নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সোমবার (১ জুন) থেকে সুন্দরবন–এ প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট সময়টি সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রধান প্রজনন মৌসুম। এই সময় বনের নদী ও খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের বংশবিস্তার ঘটে এবং নানা প্রজাতির গাছের বীজ থেকে নতুন চারা গজায়। ফলে পুরো বনজুড়ে প্রাকৃতিক পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়। এই স্বাভাবিক প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতেই প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বনের ভেতরে সব ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতে বন বিভাগ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌপুলিশ যৌথভাবে সমন্বিত টহল ও নজরদারি পরিচালনা করবে।
এদিকে, সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় বনের ওপর নির্ভরশীল উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বনজীবী চরম বিপাকে পড়েছেন। দীর্ঘ তিন মাস কাজ বন্ধ থাকায় অনেক পরিবারই পড়েছে আর্থিক সংকটে। এসব বনজীবী সরকারের কাছে বিশেষ আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তার জোর দাবি জানিয়েছেন, যাতে নিষেধাজ্ঞার সময়টায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে না পড়েন।
পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবিকার ভারসাম্য রক্ষায় এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :