পলাতক আসামি ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ভারতে অবস্থানরত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কার্যক্রম চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদানও অব্যাহত রয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়টি সদ্য হওয়ায় আদালতের আনুষ্ঠানিক কাগজপত্র এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছায়নি। প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর সংশ্লিষ্ট আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে আগে পাঠানো চিঠির অগ্রগতি সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা।
জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে।
তিনি বলেন, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ যোগাযোগ ও প্রক্রিয়া চলবে।
এর আগে জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের ফেরানোর বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগের কথা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :