যুদ্ধ পরিস্থিতিতে পিছু হটার সুযোগ নেই : ইরানি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কোনো ধরনের পিছু হটার সুযোগ দেখছে না ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা।
তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি অনিশ্চিত থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।
বার্তা সংস্থা আলজাজিরার তথ্য অনুযায়ী, মাশহাদ শহরে দেওয়া এক বক্তব্যে আকরামি নিয়্যা বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এবং পূর্ব অংশের দায়িত্বে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী।
তিনি দাবি করেন, চলমান সংঘাতে শত্রুপক্ষ তাদের কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি। একই সঙ্গে তিনি বলেন, ‘এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই।’
যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ছাড়া আকরামি নিয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে নতুন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হবে না।
ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ ইরানের শক্তি সম্পর্কে যা কল্পনাও করেনি, আমরা তা দেখিয়েছি।’
বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
আপনার মতামত লিখুন :