ফেসবুকে আসছে নতুন ভেরিফিকেশন ব্যবস্থা, লক্ষ্য ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তি ডেস্ক :
এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইল, জাল ছবি, কৃত্রিম ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের ছড়াছড়ি বাড়ছে। এতে ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতারণার শিকার হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।
প্রতিষ্ঠানটি সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু করতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে সেলফি ভিডিওর মাধ্যমে যাচাই করা হবে।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর সেই ভিডিও অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারী ভেরিফায়েড ব্যাজ পাবেন।
যারা ভেরিফায়েড ব্যাজ পাবেন
ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ভেরিফায়েড ব্যাজটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং-সহ বিভিন্ন স্থানে দৃশ্যমান হবে।
মেটা জানিয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে খুব সহজেই ভুয়া পরিচয়, ছবি ও বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনা বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কিনা।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধুমাত্র পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে মেটা।
মেটা আরও জানিয়েছে, নতুন এই ফিচার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করা হবে। প্রথম পর্যায়ে কোন কোন দেশে এটি চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এআই প্রযুক্তির দ্রুত প্রসারের এই সময়ে ভুয়া পরিচয় ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা চালুর উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :