চিকিৎসকের পরামর্শ না মেনে ইনজুরি নিয়েও অনুশীলন মাঠে নেইমার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
হাঁটুর ইনজুরি নিয়েও চিকিৎসকের পরামর্শ না মেনে অনুশীলন করেছেন নেইমার জুনিয়র। এতে বড় ধরনের ইনজুরিতে পড়তে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে এ খবর।
মূলত, নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কার মধ্যে রয়েছে। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে দলের হয়ে খেলতে চান তিনি।
চিকিৎসক থেকে সান্তোস কর্তৃপক্ষ, ব্যক্তিগত স্টাফরাও মাঠে না নামার পরামর্শ দিয়েছেন নেইমারকে। শুধু তাই নয়, হাঁটুর সংযোগস্থলে সার্জারি করারও পরামর্শ দিয়ে রেখেছেন চিকিৎসকরা।
তবে, এই পরামর্শ মানলে ২০২৫ সালে আর মাঠে নামা হবে না বার্সেলোনা ও পিএসজি সাবেক তারকার। তবে নেইমার ২০২৬ বিশ্বকাপ খেলতে নিজেকে ফিট রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
এর আগে, সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা জানিয়েছিলেন যে, নেইমারের পায়ের অবস্থা বুঝতে কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এই প্রক্রিয়া নিয়মিত চালিয়ে যাওয়া হবে। চিকিৎসকদের মতে, বর্তমান অবস্থায় সার্জারি না করালে নেইমারের চোটের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর যদি তিনি সার্জারি করান, তবে পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তত এক মাস সময় লাগবে, যা নেইমারের জন্য মোটেও সুখকর খবর নয়।
উল্লেখ্য, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার ফলে পুরো বছরে তিনি মাত্র ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন এবং গোল করেছেন মাত্র ৭টি। এই পরিসংখ্যান এবং বারবার চোটের হানা তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনাতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
আপনার মতামত লিখুন :