বাংলাদেশ–জাপান উন্নয়ন অংশীদারিত্ব আরও গভীর করতে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি–এর নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)–এর প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আলোচনায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল প্রকল্প বিশেষ গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তৃতীয় টার্মিনালের কাজ শেষ করে তা উদ্বোধন করা সম্ভব হবে। বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দেয়। একই সঙ্গে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
এ সময় জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট হস্তান্তরের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা। জাপানের পক্ষে ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের শেষে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। জবাবে সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :