সুনামগঞ্জে ফাইনাল না হওয়ার বদনাম ঘোচাল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠকে ঘিরে একটি নেতিবাচক ধারণা স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রচলিত ছিল। বিভিন্ন সময়ে আয়োজিত একাধিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হওয়ায় মাঠটি যেন ‘ফাইনালহীন’ মাঠ হিসেবেই পরিচিতি পেয়েছিল। ২০১৮-২০১৯ মৌসুমসহ অন্তত তিন থেকে চারটি টুর্নামেন্ট এবং এমনকি এক সময়ের এমপি কাপের ফাইনালও নানা কারণে মাঠে গড়ায়নি বলে স্থানীয়রা জানান।
এই দীর্ঘদিনের হতাশা ও আস্থাহীনতার অবসান ঘটিয়েছে সদ্য সমাপ্ত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশ নেয়। শুরু থেকেই মাঠে মাঠে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্ধারিত সময় অনুযায়ী খেলা অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ সফলভাবে আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এটি বাদাঘাট মাঠের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মাইলফলক।
এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “ইচ্ছাশক্তি, সঠিক পরিকল্পনা ও সমন্বয় থাকলে বড় আয়োজনও সফলভাবে শেষ করা সম্ভব। এই টুর্নামেন্ট তারই প্রমাণ।” তিনি আরও বলেন, “আমরা চাই বাদাঘাট মাঠ আবার ক্রীড়ার প্রাণকেন্দ্র হয়ে উঠুক এবং এখান থেকে দেশব্যাপী ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ুক।”
স্থানীয় ক্রীড়াবিদ ও সচেতন মহলের মতে, এই সফল আয়োজন ভবিষ্যতে তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পথ সুগম করবে। একই সঙ্গে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠকে ঘিরে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি অংশগ্রহণকারী দল, স্বেচ্ছাসেবক, দর্শক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও এমন ক্রীড়াবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
আপনার মতামত লিখুন :