বিশ্বকাপ খেলা দেখা নিয়ে তর্ক, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও।
বুধবার দিবাগত গভীর রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত পারভেজ আহমদ (৩২) নিহতের আপন চাচাতো ভাই।
পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। এর জের ধরে পারভেজ আহমদ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকার নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে খেলা দেখার সময় সৃষ্ট তর্ক থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :