বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান জেলা প্রতিনিধি :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারি। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোসা. রুমানা আক্তার, আরবান কমিউনিটি ভলান্টিয়ার (এফএসসিডি) ও ইয়ুথ চিফ। ফায়ার ফাইটার, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাহসী ভূমিকা, সেবা ও ত্যাগের কথা স্মরণ করেন। দুর্যোগকালীন সময়ে জীবন রক্ষায় অগ্নিনির্বাপণ বাহিনীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিস একটি জীবনরক্ষাকারী বাহিনী হিসেবে অতীতে যেমন দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও তেমনি অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।
বক্তারা প্রতিটি জীবনকে মূল্যবান উল্লেখ করে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ সারাদেশে সফলভাবে পালিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :