এইচএসসি পরীক্ষার ফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষা ডেস্ক :
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক বলেন, আশা করছি, এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সেই হিসাবে ফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :