২০২৬ বিশ্বকাপে মেসির সামনে একের পর এক ইতিহাস গড়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে তার অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
এই বিশ্বকাপে মাঠে নামলে আর্জেন্টাইন অধিনায়কের সামনে খুলে যাবে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে তিনি হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে খেলেছেন।
এছাড়া নিজের দখলে থাকা সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডও আরও বাড়ানোর সুযোগ থাকবে তার সামনে।
গোলের দিক থেকেও সামনে বড় অর্জনের সুযোগ। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করা মেসি আছেন সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজের (১৬ গোল) খুব কাছাকাছি। মাত্র তিন গোল করলেই তিনি সেই রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন।
শুধু গোল বা ম্যাচ নয়, সর্বাধিক মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো একাধিক পরিসংখ্যানেও নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে তার সামনে।
কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিলেন মেসি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক অধ্যায়, যেখানে ব্যক্তিগত রেকর্ডের পাতায় যোগ হতে পারে নতুন সোনালি ইতিহাস।
আপনার মতামত লিখুন :