সাংবাদিকদের ওপর হামলা, জামায়াত নেতাকর্মীদের শাস্তি দাবি ছাত্রদলের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে হামলার জন্য জামায়াতের নেতাকর্মীদের দায়ী করে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ জুন) দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিরোধী দলে থেকেও জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা ও লাঞ্ছনা চালিয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং ভিন্নমতের প্রতি তাদের অসহিষ্ণু মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা ও গণমাধ্যমের কণ্ঠরোধ একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। এই হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে সংশ্লিষ্ট অপশক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।

ছাত্রদল নেতারা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও উৎসাহিত হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার থাকবে।

এ ছাড়া হামলায় আহত সব গণমাধ্যমকর্মীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের যথাযথ চিকিৎসা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ