সমানীনগরে নিখোঁজের একদিন পর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে মাছুখালী খাল থেকে আব্দুল ওয়াহিদ (বৃদ্ধ) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাছুখালী খাল থেকে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত শমশের উল্যার ছেলে। স্বজনদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর মামা আব্দুল হালিমের বাড়িতে যান। রাতে সেখানে খাবার খাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের মাছুখালী খালের পাড়ে একটি গাছের নিচে বসেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয় কয়েকজন জেলে মাছুখালী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আব্দুল ওয়াহিদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :