সেপ্টেম্বরের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সেপ্টেম্বরের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ কারণে চলতি মাসেই আবারও বিশেষ টিকা কার্যক্রম শুরু করা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, হামের প্রকোপ কমাতে শুধু শহরাঞ্চল নয়, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও টিকা কার্যক্রম অব্যাহত রাখা হবে। কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

এর আগে সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসক ও হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন দাবি করেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ করছে সরকার। চিকিৎসকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া সারা দেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী তিন মাসের মধ্যেই এসব নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ