বিশ্বকাপ নায়ক ভোজিনহা, কিন্তু নতুন ক্লাবে নিজের নামেই খেলতে পারছেন না
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সেও একের পর এক অসাধারণ সেভ করে দলকে নকআউট পর্বে তুলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সম্প্রতি চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
তবে নতুন ক্লাবে যোগ দিয়েই অদ্ভুত এক সমস্যায় পড়েছেন ভোজিনহা। চিলির শীর্ষ ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় জার্সিতে ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না। জার্সিতে অবশ্যই খেলোয়াড়ের পুরো নাম অথবা পারিবারিক পদবি থাকতে হবে।
এ কারণে বিশ্বজুড়ে পরিচিত ‘ভোজিনহা’ নামটি জার্সিতে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ এটি তার প্রকৃত নাম নয়। তার পূর্ণ নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ফলে নতুন মৌসুমে তার জার্সিতে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’ লেখা থাকবে।
চিলির লিগের নিয়ম ভঙ্গ করলে খেলোয়াড় মাঠে নামার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হলুদ কার্ড দেখবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাবকেও গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।
অবশ্য এই নিয়ম পরিবর্তনের একটি সুযোগ রয়েছে। কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা যদি লিগ পরিচালনা পর্ষদের সর্বসম্মত সমর্থন নিয়ে নিয়ম সংশোধন করাতে পারেন, তাহলেই কেবল ‘ভোজিনহা’ নামে খেলতে পারবেন এই গোলরক্ষক। তবে এমন সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে।
শুধু নাম নয়, পছন্দের জার্সি নম্বর নিয়েও আপস করতে হচ্ছে তাকে। কোলো-কোলোর ১ নম্বর জার্সিটি ইতোমধ্যে গোলরক্ষক ফার্নান্দো ডি পলের দখলে থাকায় ভোজিনহাকে নতুন মৌসুমে ১৬ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হতে পারে।
বিশ্বকাপে আলোড়ন তোলার পর ফ্রি এজেন্ট হিসেবে কোলো-কোলোতে যোগ দেন ভোজিনহা। এর আগে কেপ ভার্দে, অ্যাঙ্গোলা, মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার নাম ও জার্সি নম্বর বদলে চিলির ফুটবলে শুরু হতে যাচ্ছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।
আপনার মতামত লিখুন :