ইরানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান জনবহুল বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির সাধারণ মানুষের উদ্দেশে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান জেনেশুনেই নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।

রোববার (৮ মার্চ) মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম-এর বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এতে ওই এলাকাগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত ইরানের বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। কারণ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থান আন্তর্জাতিক আইনের অধীনে ‘সুরক্ষিত’ মর্যাদা হারিয়ে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে।

প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের ঘনবসতিপূর্ণ শহরে মোবাইল ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহারের একাধিক ঘটনা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।

উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে রয়েছে দেজফুল, ইস্পাহান এবং শিরাজ।

তবে মার্কিন ওই কর্মকর্তা বলেন, এই সতর্কবার্তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র উল্লিখিত শহরগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সামরিক কাজে ব্যবহৃত স্থাপনার আশপাশে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে।

এ অবস্থায় ইরানের সাধারণ নাগরিকদের ঘরে থাকার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে মার্কিন বাহিনী। একইসঙ্গে ইরানের শাসনব্যবস্থা জেনেশুনেই নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ