মা ও ছেলের মনোনয়ন দাখিল, সিলেট-২ আসনে নির্বাচনী আমেজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
(ওসমানীনগর–বিশ্বনাথ) সিলেট ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পুত্র আবরার ইলিয়াস অর্ণব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ও ছেলে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন। পরে বিকেলে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে ডামি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এম ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও তাঁর পরিবারের প্রতি মানুষের আবেগ বিএনপিকে এই আসনে শক্ত অবস্থানে রেখেছে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও তারা মনে করছেন।
আপনার মতামত লিখুন :