শায়েস্তাগঞ্জে বাঁশঝাড় থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর মুরাদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সুরাবই গ্রামের একটি বাঁশঝাড়ের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া বুধবার রাত প্রায় ১০টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে গ্রামবাসীরা একটি বাঁশঝাড়ের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :