‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
৬ ডিসেম্বর শনিবার বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএমন তথ্য জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের নিরলস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনের নজরে এসেছে। তার এই মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকার–সচেতন মানুষের জন্য গর্বের বিষয়।
‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি এ পরিবারগুলোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে কাজ করছেন। মনোনয়নের মাধ্যমে তার মানবাধিকার রক্ষার আন্দোলন আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল।
এদিকে, আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের মনোনয়ন পাওয়ায় সানজিদা ইসলাম তুলিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির নিরলস কাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাস্তব পরিস্থিতিকে নতুন করে তুলে ধরেছে। এই স্বীকৃতি দেশের বহু পরিবারের কঠিন সংগ্রামের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করবে এবং মানবাধিকারের পক্ষে বৈশ্বিক আন্দোলনকে অনুপ্রাণিত করবে। আমি সানজিদা ইসলাম তুলিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
আপনার মতামত লিখুন :