সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতে একটি তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
বুধবার এক বিবৃতিতে হুতিদের সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে তাদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।
হুতি সামরিক বাহিনীর দাবি, প্রথম হামলায় ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এতে স্থাপনাটিতে বড় ধরনের আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এরপর খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। হুতিদের দাবি, উভয় হামলাই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে।
হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এসব সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে।
তবে হুতিদের করা হামলার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইয়ানবুর তেল স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :