টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন নিগার সুলতানা জ্যোতি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপানে এশিয়ান গেমস শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বর্তমানে জাপানে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার। আগামী ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিসিবিকে পাঠানো চিঠিতে জ্যোতি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন।
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন জ্যোতি। এরপর এই সংস্করণে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি।
নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে জ্যোতি জানিয়েছেন, অধিনায়কত্বের অতিরিক্ত চাপ কিছুটা কমিয়ে নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিতে চান। বিশেষ করে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্স আরও উন্নত করার দিকে মনোযোগ দিতে চান তিনি।
জ্যোতির নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ প্রায় এক দশক পর বিশ্বকাপের মূল পর্বে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি সভাপতি তামিম ইকবাল জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম দিকে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি তখনও জানতেন না।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও জ্যোতি এখনই নেতৃত্বের বাইরে যাচ্ছেন না। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। ফলে এশিয়ান গেমসের পরও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
আপনার মতামত লিখুন :