সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আব্দুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন জেলা প্রশাসক সকাল থেকেই অফিসে যোগ দিয়ে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি গোলাম মাওলা চৌধুরীর ছেলে। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সিলেটে যোগদানের উদ্দেশ্যে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয়।
এরও আগে, ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১২ জুলাই পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন।
আপনার মতামত লিখুন :