টাঙ্গুয়ার হাওর রক্ষায় সাত দফা দাবি, মানববন্ধনে সরব স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, পর্যটনকেন্দ্রিক এলাকার উন্নয়ন এবং হাওরবাসীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ। একই সঙ্গে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জের অবহেলিত ও দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার এবং জনদুর্ভোগ নিরসনের দাবিও জানানো হয়েছে।
সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন পর্যটনকেন্দ্র, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে টাঙ্গুয়ার হাওরকে ঘিরে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, পর্যটকদের জন্য পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা, প্লাস্টিক, পলিথিন, বোতল ও মানববর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া, হাওরবাসীর জন্য পর্যটনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পর্যটনকেন্দ্রগুলোতে উন্নত ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা, পর্যটন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং নৌযান ও ঘাট ব্যবস্থাপনার উন্নয়ন।
মানববন্ধনে বক্তব্য দেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ সাইদুল হক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন কবীর লস্কর, সহসভাপতি হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও ইন্তেশার আহমেদ চৌধুরী।
স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন তালুকদার, সহসভাপতি ডাক্তার সাইদুর রহমান জিয়া, সার্জেন্ট (অব.) মুসাব্বির হুসাইন ও সাংবাদিক আশরাফুল ইসলাম হিল্লোল।
এ সময় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ চৌধুরী, পর্যটন বিষয়ক সম্পাদক এ এস এম কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সারোয়ার খান ফারুক, অর্থ সম্পাদক এসতাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শিপলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রমজান আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, এডভোকেট হাবিবুর রহমান দুলাল এবং আজীবন সদস্য মিসবাহ উদ্দিন, হাজী মো. ফারুক খান, বাসুদেব ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা এবং প্রয়োজনীয় সেতু ও কালভার্টের অভাবে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
তারা বলেন, টাঙ্গুয়ার হাওরসহ এ অঞ্চলের পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য টেকসই যোগাযোগব্যবস্থা অপরিহার্য। একই সঙ্গে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে পারলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি হবে।
পরিষদের নেতৃবৃন্দ বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধন থেকে টাঙ্গুয়ার হাওর ও বৃহত্তর সুনামগঞ্জের যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :