রাঙ্গামাটিতে পুলিশি অভিযানে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই শীর্ষস্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
রবিবার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকার কসমস রেস্টুরেন্টের আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মো. রকিব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেন্টাল চিকিৎসকের চেম্বারের সামনে থেকে তাদের আটক করা হয়।
পরে ‘ডেভিল হান্ট’ মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃষকেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অন্যদিকে মো. গিয়াস উদ্দিন সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বৃষকেতু চাকমা চিকিৎসা ও মামলার হাজিরার জন্য রাঙ্গামাটি শহরে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :