উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সংলাপ পুনরুজ্জীবনে বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং সংলাপ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দুই দিনের আকস্মিক সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। রোববার (১৭ মে) তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে প্রেসিডেন্ট কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ানা’র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্ট কার্যালয়ে মহসিন নাকভি প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে তাঁর দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক হয়। বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন।
বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বিষয়টি গুরুত্ব পায়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সক্রিয় কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ও কৌশলগত নানা বিষয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অবরুদ্ধ সংলাপ পুনরায় সচল করা এবং হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই পাকিস্তান এই ‘শাটল ডিপ্লোম্যাসি’ বা মধ্যস্থতামূলক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :