রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অক্টোবরে : গাম্বিয়ার আইনমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী দাওদা এ. জালোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে গাম্বিয়ার আইনমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি বছরের অক্টোবরে রায় ঘোষণা করতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রতিনিধির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দাওদা এ. জালো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আইসিজের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রেও এই রায় তাৎপর্যপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনার শীর্ষে রাখতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

হুমায়ুন কবির বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বের সময় রোহিঙ্গা সংকটের একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের প্রচেষ্টা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও গাম্বিয়ার পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের বিষয়ে দুই দেশের অবস্থান আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ