স্কুল-কলেজে ছুটি কমার আশঙ্কা, চালু হচ্ছে ব্লেন্ডেড শিক্ষা মডেল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
করোনাকালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও আংশিক অনলাইনভিত্তিক শিক্ষা ব্যবস্থায় ফিরছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে রাজধানী ঢাকার নির্বাচিত ও যানজটপ্রবণ এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে। এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়; বরং যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সক্ষমতা রাখে, তারা স্বেচ্ছায় এতে অংশ নিতে পারবে।
নতুন ব্যবস্থার আওতায় সপ্তাহে ৬ দিন শিক্ষা কার্যক্রম চলবে। এর মধ্যে শনি, সোম ও বুধবার সরাসরি (অফলাইন) ক্লাস অনুষ্ঠিত হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে পাঠদান চলবে।
বর্তমান শিক্ষা পঞ্জিকা অনুযায়ী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও, এই মডেল চালু হলে শনিবারও ক্লাস নিতে হবে। ফলে সাপ্তাহিক ছুটি একদিনে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারাই এই পদ্ধতিতে যুক্ত হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর এটি চাপিয়ে দেওয়া হচ্ছে না। বরং সক্ষম প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা ব্লেন্ডেড এডুকেশন কার্যক্রম শুরু করছি, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হতে পারে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক বাস্তবায়ন হলে এই পদ্ধতি শিক্ষার্থীদের সময় সাশ্রয়, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :